ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সৌজা। তিনি বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলের নেতৃত্বে আছেন। এরই মধ্যে তিনি উমরাহও করেছেন।
আল-নাসর নারী দল তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে ক্যাথলিনের একটি ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আমরা ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণার মাধ্যমে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করছি। তার হৃদয়কে শান্তি ও প্রশান্তিতে ভরে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।’
ভিডিও চলাকালে এই আন্তর্জাতিক খেলোয়াড় তার চোখের পানি ধরে রাখতে পারেননি এবং তার আবেগ প্রকাশ করে বলেছেন, ‘আমি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করছিলাম, এটুকুই।’
ব্রাজিলীয় মিডফিল্ডার তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মক্কা ভ্রমণ ও ওমরাহ পালনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তন খোঁজা, জীবনের উপহারের জন্য কৃতজ্ঞ।’
উল্লেখ্য যে, ক্যাথলিন আল নাসর নারী দলের হয়ে একটি স্বর্ণযুগ পার করছেন, কারণ সম্প্রতি তিনি 'প্লেয়ার অফ দ্য মান্থ' নির্বাচিত হয়েছেন। ক্যাথলিনের বয়স ২৯ বছর, তিনি ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্টে জন্মগ্রহণ করেন এবং ব্রাজিল নারী জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন।
ক্যাথলিন একজন ব্রাজিলীয় ফুটবলার, ইন্টার মিলানের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেছেন। ২০২৪ সালের আগস্টে তিনি সৌদি আরবের আল নাসর নারী দলে যোগ দেন। তিনি শৈশবে ব্রাজিলে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন, সান্তোস এফসি-র যুব দলের হয়ে কিছুকাল খেলেন এবং এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ও ইউনিভার্সিটি অফ লুইসভিল এবং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনা করেন।