ময়মনসিংহ বাইপাস সড়কে রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ওই সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজন। তারা হলেন-জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত অপর তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।
দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।