ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ মাঘ ১৪৩৩, ২২ রবিউল সানি ১৪৪৮

শিশুকে ধর্ষণচেষ্টা, জনতার ক্ষোভের আগুনে পুড়লো অভিযুক্তের বাড়ি



শিশুকে ধর্ষণচেষ্টা, জনতার ক্ষোভের আগুনে পুড়লো অভিযুক্তের বাড়ি

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদারীপুরের কালকিনিতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নেভায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিশুটিকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান একই গ্রামের হাবুল শিকদার (৫৭)। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে স্থানীয় মাতব্বরদের মাধ্যমে মামলা না করতে ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়া হয়।

এতে ক্ষিপ্ত হয়ে প্রায় ৫০০ গ্রামবাসী হাবুল শিকদারের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি তার বাড়ির সামনে গিয়ে শেষ হয়। একপর্যায়ে জনতা হাবুলের বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, স্থানীয়ভাবে বিচার না পেয়ে এবং উল্টো চাপ দেওয়ায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


   আরও সংবাদ