সাইবার সুরক্ষায় বড় ধরনের ধস নামার আশঙ্কায় দেশের সরকারি দপ্তর, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান এবং টেলিকম খাতসহ স্পর্শকাতর খাতগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তা দল বিজিডি ই-গভ সার্ট। বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-র মারাত্মক দুটি ত্রুটি চিহ্নিত হওয়ার পর সব প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে নিজেদের ডিজিটাল অবকাঠামো সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
গবেষকদের ভাষ্যমতে, ‘পিএইচপি২শেল’ (PHP2Shell) নামে পরিচিত এই জোড়া ত্রুটিকে বিশ্বজুড়ে ‘সিভিই-২০২৬-১০৯৬১৮’ ও ‘সিভিই-২০২৬-১০৯৬১৯’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই নিরাপত্তা ফাঁক কাজে লাগিয়ে দূর থেকেই অনুমোদন ছাড়া যেকোনো ওয়েবসোর্সের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। ঝুঁকিতে রয়েছে সরকারি সেবা পোর্টাল, ই-কমার্স সাইট, ব্যাক-এন্ড প্রশাসনিক ব্যবস্থা ও উন্মুক্ত এপিআই (API)।
উদ্ভূত পরিস্থিতিতে আগাম নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইটি বিভাগের বিশেষজ্ঞ টিম পুরো ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছে এবং ত্রুটিমুক্ত করার কাজ চালাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ থাকতে পারে।
উল্লেখ্য, পিএইচপি হলো ওয়েবসাইটের ডেটাবেজ ও কনটেন্ট ব্যবস্থাপনার মূল চালিকাশক্তি। বিখ্যাত কনটেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ও ড্রুপালসহ বিশ্বের সিংহভাগ অনলাইন সেবা এর ওপর নির্ভরশীল। রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, নিরাপত্তা ত্রুটির বিষয়টি ফাঁস হওয়ার পর টোকিও থেকে হেলসিংকি—আন্তর্জাতিক বিমান চলাচল, রেল সেবা, ব্যাংকিং ও কর আদায় ব্যবস্থার মতো জরুরি অবকাঠামো সাময়িক অচল হয়ে পড়ে। বেশ কিছু বিশ্বখ্যাত সাইবার সুরক্ষা সংস্থা জানিয়েছে, তথ্য ফাঁসের পরপরই আক্রান্ত সিস্টেমগুলোতে লাখ লাখ সাইবার আক্রমণের চেষ্টা চালানো হয়েছে।
বিজিডি ই-গভ সার্টের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, ইন্টারনেট সংযুক্ত যেসব সার্ভারে পিএইচপি ব্যবহার করা হয়েছে, দ্রুত তার তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে সিকিউরিটি প্যাচ ও আপডেট ইনস্টল করতে হবে।