ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ মাঘ ১৪৩৩, ২২ রবিউল সানি ১৪৪৮

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে’: অর্থমন্ত্রী



এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে’: অর্থমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রচলিত ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আর্থিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে। উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ না নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের পরিবেশ তৈরি করতে হবে। দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে এখন কার্যকর ‘উদ্ধার ও পুনরুদ্ধার’ কার্যক্রমের প্রয়োজন, যার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিশ্বমানের বিনিয়োগকারীদের সাথে বৈঠকে বাংলাদেশের ইতিবাচক অর্থনৈতিক পদক্ষেপে তারা আস্থা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংস্থানের লক্ষ্যে নিউইয়র্কে ‘ডলার বন্ড’ এবং হংকংয়ে ‘বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড’ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া সামুরাই বন্ড ও প্যান্ডা বন্ডের মতো বৈশ্বিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে প্রতি বছর যে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন, তা কেবল বৈদেশিক ঋণ দিয়ে সম্ভব নয়।

অতীতে নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের মধ্যে সমন্বয়ের অভাবকে পুঁজিবাজারের অন্যতম দুর্বলতা হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিএসইসি, ব্যাংক, বীমা, এনবিআরসহ সব খাতকে আলাদা খণ্ডে কাজ না করে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব, স্বচ্ছতা, কার্যকর নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বিআরডিএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ