ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ মাঘ ১৪৩৩, ২৭ রবিউল সানি ১৪৪৮

ভারতে জেন-জি আন্দোলন: আলোচনায় তিন তরুণ মুখ!



ভারতে জেন-জি আন্দোলন: আলোচনায় তিন তরুণ মুখ!

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির রাজপথে সোচ্চার হয়ে উঠেছে ‘জেনারেশন জেড’ বা জেন-জি প্রজন্ম। এই আলোচিত আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনজন তরুণ তারকা—অভিজিৎ দীপকে, নেহা বোরা এবং ধ্রুব রাঠি।

অভিজিৎ দীপকে ও ‘কোকরোচ জনতা পার্টি’

ভারতের প্রধান বিচারপতি তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করার পর যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে প্রশ্ন তোলেন—‘সব তেলাপোকা এক হয়ে গেলে কেমন হয়?’ এই ভাবনা থেকেই জন্ম নেয় ব্যাঙ্গাত্মক দল ‘কোকরোচ জনতা পার্টি’ বা সিজেপি, যা বর্তমান মোদি সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। মাত্র ত্রিশ বছর বয়সি এই তরুণ মাত্র তিন মাসেরও কম সময়ে নজিরবিহীন তারকাখ্যাতি অর্জন করেছেন। মহারাষ্ট্রের আওরঙ্গবাদে জন্ম নেওয়া অভিজিৎ বোস্টন ইউনিভার্সিটি কলেজ অব কমিউনিকেশন থেকে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ঘরে বসে তথ্যচিত্র দেখে দিন কাটানো এই তরুণ এখন ভারতের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত নাম।

রাজপথের লড়াকু মুখ নেহা বোরা

দিল্লির রাজপথে চলা এই বিক্ষোভে নেতৃত্বদানকারী তরুণদের সামনের সারিতে থাকা অন্যতম পরিচিত মুখ ২৯ বছর বয়সি পিএইচডি শিক্ষার্থী নেহা বোরা। নাট্যকর্মী ও আন্দোলনকারী নেহা গত এক দশক ধরে বামপন্থি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সঙ্গে যুক্ত এবং বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন। উত্তরাখণ্ডের খাতিমায় জন্ম নেওয়া নেহার বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করায় পরিবারের পটভূমি বিজেপি সমর্থক হলেও, নেহা আজ ভারতের বিজেপিবিরোধী রাজনীতির অন্যতম জোরালো কণ্ঠস্বর। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সাম্প্রতিক সময়ে পুলিশের ব্যারিকেড ভাঙা, স্লোগান দেওয়া ও আটকের ভিডিওর মাধ্যমে দেশজুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন।

ইউটিউবের সেনসেশন ধ্রুব রাঠি

ভারতের বর্তমান রাজনৈতিক নানা বিষয় ও দুর্নীতির চিত্র তুলে ধরে দেশটির তরুণ প্রজন্মের চোখ খুলে দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। জার্মানপ্রবাসী এই কন্টেন্ট ক্রিয়েটরের রাজনৈতিক ভিডিওগুলো প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ দর্শক দেখে থাকেন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা চার কোটির বেশি এবং বিশ্বব্যাপী তাঁর ভিডিও দেখা হয়েছে ৮০০ কোটিরও বেশি বার। ১৯৯৪ সালে হরিয়ানায় জন্ম নেওয়া ধ্রুব রাঠি বর্তমানে জার্মান নাগরিক স্ত্রীসহ জার্মানিতেই বসবাস করছেন।

তরুণ প্রজন্মের এই তিন তারকার নেতৃত্বে ভারতের রাজপথ ও ভার্চুয়াল জগতজুড়ে এখন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।


   আরও সংবাদ