ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩, ১৯ রবিউল সানি ১৪৪৮

শিক্ষা সফরে গিয়ে ৮ শিক্ষার্থীর মৃত্যু


⬇ Photo Card

শিক্ষা সফরে গিয়ে ৮ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিবেগার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পুণের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের সবার বয়স ১৬ বছর।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নিহত শিক্ষার্থীরা পুণে জেলার আলান্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স অ্যাকাডেমি’র শিক্ষার্থী ছিলেন। শিক্ষা সফরের অংশ হিসেবে তারা সেখান থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরের দিবেগারে গিয়েছিলেন।

পুলিশ জানায়, ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে ও ৬ জন শিক্ষকসহ মোট ৪৮ জনের একটি দল গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সমুদ্রসৈকতে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সাগরে নামেন। কিন্তু পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পেরে তারা ভেসে যান।

খবর পেয়ে স্থানীয় ওয়াটার স্পোর্টস ব্যবসার মালিক ভাউ সালুনখে ও তার কর্মীরা অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সাগর থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো বোরলি পঞ্চতানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন—তন্ময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ধওয়ালকর ও কৌস্তুভ সন্দীপ দৌন্ড।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শিক্ষা সফরের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার শিগগিরই নতুন নির্দেশিকা জারি করবে বলেও জানান তিনি।


   আরও সংবাদ