ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩, ১৯ রবিউল সানি ১৪৪৮

সরকারি কাজে বাধার অভিযোগ: ডিবির হাতে গ্রেপ্তার আখতারুজ্জামান



সরকারি কাজে বাধার অভিযোগ: ডিবির হাতে গ্রেপ্তার আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং বিমান কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের লাঞ্ছিত করার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিনে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে দেরি হয়। এতে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে যান। তখন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তিনি তাকে মারধর ও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন। বিমান মন্ত্রীকে নিয়েও তিনি অশালীন মন্তব্য করেন।

এজাহারে আরও জানানো হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও করা শুরু করেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দিলে আখতারুজ্জামান তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

এসব ঘটনার পর সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। পরবর্তীতে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।


   আরও সংবাদ