ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩, ১১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: নাহিদ



স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: নাহিদ

আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, "একদিকে আইনশৃঙ্খলার চরম অবনতি, অন্যদিকে সন্ত্রাস ও মাদক কারবারিদের কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। সাধারণ মানুষ ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। এমনকি সাংবাদিকদের ওপর নিপীড়ন সবচেয়ে বেড়েছে; নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকাতেই ৬০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে।"

নাহিদ ইসলাম আরও বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। নির্বাচনের সময় যে এলপিজি গ্যাসের দাম ছিল ১২০০ টাকা, তা সরকারি হিসাবেই এখন ১৮০০ টাকা; আর বাজারে বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩৫০০ টাকায়। দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে জনগণ চরম অসহায় বোধ করছে। এই সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।"

সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, "একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন করে জনগণের সঙ্গে প্রহসন করা হচ্ছে। এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ বন্ধ করা এবং প্রস্তাবিত সাইবার আইনের সংশোধনী সংসদে পাস না করার দাবি জানাচ্ছি।"

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ