ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩, ১২ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

ওভারটেক করতে গিয়ে বাস খাদে: এক্সপ্রেসওয়েতে ঝরল ৩ প্রাণ



ওভারটেক করতে গিয়ে বাস খাদে: এক্সপ্রেসওয়েতে ঝরল ৩ প্রাণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো তিনজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। নিহত বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের সুরক্ষাবেষ্টনী (রেলিং) ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ১১ জনকে উদ্ধার করে নিজেদের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া ঘটনাস্থলেই আরও ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় আহত ১৬ জন হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। আহতরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


   আরও সংবাদ