বঙ্গোপসাগরকে যেকোনো ধরনের বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে দেখতে চায় বাংলাদেশ। শনিবার রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ এ কথা জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান।

চীন ও ভারতের মধ্যকার উত্তেজনা প্রশমনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতিতে বাংলাদেশ এখন বেশ গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক ও ভারত মহাসাগরীয় সামরিক কৌশলে বঙ্গোপসাগরের অবস্থান সংবেদনশীল হওয়ায় এখানে বাংলাদেশ যে সামুদ্রিক স্থিতিশীলতা রক্ষা করছে, তা ভারত ও চীন উভয় দেশের জন্যই জরুরি।
তিনি আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ সেতু হিসেবে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে। উদাহরণ হিসেবে, চীনের ইউনান প্রদেশ থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত স্থলপথ বা করিডোর তৈরি হলে দুই দেশই বাণিজ্যিক সুবিধা পাবে। পাশাপাশি জলবায়ু সংকটের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বও উভয় প্রতিবেশীর জন্য লাভজনক হবে।