সাইকেল চুরি ও হোস্টেলের পাওনা টাকাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজধানীর জিগাতলায় স্থানীয় বাসিন্দা ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে জিগাতলা এলাকায় এই উত্তেজনার সৃষ্টি হয়। এর আগে রাত ৮টার দিকে জিগাতলার গাবতলী মসজিদ সংলগ্ন 'ঢাকা রেসিডেন্সি' হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা রেসিডেন্সি হোস্টেলে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী মেসে থাকতেন। চলতি মাসের শুরুতে হোস্টেল ছেড়ে দেওয়ার সময় পাওনা টাকা এবং এক শিক্ষার্থীর সাইকেল চুরিকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীরা মোবাইলে ভিডিও করা শুরু করলে তাদের মারধর করা হয়। খবরটি ঢাকা কলেজের আবাসিক হলগুলোতে পৌঁছালে রাত ৮টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী এসে ওই হোস্টেলে ভাঙচুর চালায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ঢাকা কলেজের ২৪ ব্যাচের শিক্ষার্থী রিজভী ও আসিফসহ চার থেকে পাঁচজন আহত হন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, এক শিক্ষার্থীর সাইকেল চুরিকে কেন্দ্র করে সন্দেহভাজনদের সঙ্গে উগ্র আচরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে কলেজ প্রশাসনের মধ্যস্থতায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, নতুন করে সংঘাত এড়াতে জিগাতলা এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে 'ঢাকা রেসিডেন্সি' হোস্টেলটি পুলিশ ঘিরে রেখেছে। রাতে ঘটনাস্থলে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী ও পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়। সব মিলিয়ে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।