সরকারের উন্নয়নমূলক অর্জন ঢেকে দিতে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে একটি নির্দিষ্ট গোষ্ঠী ও দলের লোকজন বিমানবন্দরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আকস্মিক পরিদর্শনে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
পরিদর্শনকালে বিমানমন্ত্রী সরাসরি লাগেজ বেল্ট এলাকায় যান এবং ব্যাগ গ্রহণের জন্য অপেক্ষারত সাধারণ যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। যাত্রীদের কাছে বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং সার্বিক সেবার মান সম্পর্কে জানতে চান তিনি।
মন্ত্রী দাবি করেন, বিমানবন্দরে যাত্রীদের এখন আর কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না। উড়োজাহাজ থেকে নামার পর গড়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই যাত্রীরা তাঁদের কাঙ্ক্ষিত লাগেজ হাতে পাচ্ছেন। যাত্রীরাও ব্যাগেজ ডেলিভারির নতুন ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
তবে সেবার সার্বিক গতি বাড়লেও একশ্রেণির রাজনৈতিক গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, “সরকারের সাফল্য ও উন্নয়নকে ক্ষুণ্ন করতে একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিমানবন্দরে হট্টগোল ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
পরিদর্শন শেষে বিমানমন্ত্রী যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দ্রুত ট্রলির সংখ্যা বৃদ্ধির জোরালো নির্দেশ দেন। একই সঙ্গে যাত্রীসেবার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।