শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় উদ্ভূত এসব ভূকম্পনে গভীর রাতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পবিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত সোয়া ১২টা থেকে দেড়টার মধ্যে এসব কম্পন সংঘটিত হয়। তবে পরপর তিন দফা কম্পন হলেও এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রথম ভূকম্পনটি অনুভূত হয় শনিবার রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের প্রভাবে দেশের সীমান্তঘেঁষা এলাকা কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামে কাঁপুনি অনুভূত হয়। এর রেশ কাটতে না কাটতেই ঠিক এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। তুলনামূলক শক্তিশালী এই ভূকম্পনের প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্রবলভাবে কেঁপে ওঠে।
এই জোড়া ভূকম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলায় আঘাত হানে ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি। তুলনামূলক মৃদু হলেও এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কম্পন অনুভূত হয়। মধ্যরাতে পরপর তিন দফা ভূকম্পনে অনেক এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।