রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য নতুন ইউরেনিয়ামবাহী বিমান সফলভাবে বাংলাদেশে এসে পৌঁছেছে। রাশিয়া থেকে পাকিস্তান ও ভারতের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশে আসে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, কৌশলগত আকাশপথ হিসেবে রাশিয়া থেকে ছাড়ার পর বিমানটি কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও ভারতের আকাশসীমা পার হয়ে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি বুঝে নেন। রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় ইউরেনিয়াম রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ইউরেনিয়ামের চালানটি নিরাপদে রূপপুরে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল এবং সেনাসদস্যদের বিশেষ নিরাপত্তায় এটি গন্তব্যে নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট ৯টি ফ্লাইটে রূপপুরের জন্য প্রয়োজনীয় বাকি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে পৌঁছাবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি অ্যাসেম্বলি আসবে, যা একইভাবে বিকল্প আকাশপথ হিসেবে পাকিস্তান ও ভারত হয়েই পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষামূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রথম দুটি পরীক্ষা সফল হলেও তৃতীয় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। তবে প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানান, এটি বড় কোনো সমস্যা নয় এবং দ্রুত তা সমাধান করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে সবকটি কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে।