ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ মাঘ ১৪৩৩, ২৪ রবিউল সানি ১৪৪৮

কাউকে খুশি করতে নয়, দেশের স্বার্থেই উড়োজাহাজ কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী



কাউকে খুশি করতে নয়, দেশের স্বার্থেই উড়োজাহাজ কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কোনো দেশ বা পক্ষকে খুশি করার জন্য নয়, বরং দেশের প্রয়োজন ও বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এয়ারবাসের সঙ্গে চুক্তিটি কাউকে সন্তুষ্ট করার জন্য করা হয়নি। বরং বিমান চলাচলের প্রয়োজন মেটানো এবং এটি ব্যবসায়িকভাবে যৌক্তিক হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যেকোনো চুক্তি করার আগে এর বাণিজ্যিক যৌক্তিকতা ও দেশের প্রকৃত প্রয়োজন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। দেশের প্রয়োজন সাপেক্ষে এয়ারবাসের পাশাপাশি বোয়িংয়ের সঙ্গেও ব্যবসা করতে বাংলাদেশের কোনো দ্বিধা নেই বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী ও নমনীয় পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং এয়ারবাসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ