ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ মাঘ ১৪৩৩, ২৪ রবিউল সানি ১৪৪৮

বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৬: সচেতন ও আত্মবিশ্বাসী বিনিয়োগকারী তৈরিতে জোর



বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৬: সচেতন ও আত্মবিশ্বাসী বিনিয়োগকারী তৈরিতে জোর

বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে পুঁজিবাজারের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে ঢাকায় একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর ডিএসই মাল্টিপারপাস হলে “ভবিষ্যতের উপযোগী বিনিয়োগকারী তৈরি: স্থিতিস্থাপকতা জোরদারকরণ, ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ” শীর্ষক এই সেমিনারটি আয়োজিত হয়।

আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন সংস্থার (আইওএসকো) বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, আর্থিক সাক্ষরতা এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছিল।

সেমিনারে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, উভয় স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাবিদ এবং বিনিয়োগকারীরা অংশ নেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরাও যোগ দেন, যা তাদের পুঁজিবাজার ও বিনিয়োগের নানা দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসউদ খান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল হক।

সেমিনারের অংশ হিসেবে আয়োজিত প্যানেল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম, ডিএসইর সিটিও মো. আসিবুর রহমান এবং বিএমবিএর সভাপতি ইফতেখার আলম অংশ নেন। আলোচকরা বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতা, ডিজিটাল ঝুঁকি, পুঁজিবাজারের প্রযুক্তিগত উন্নয়ন এবং বাজারের প্রতি আস্থা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক পরিবেশে বিনিয়োগকারীদের যেমন নানা সুযোগ তৈরি হয়েছে, তেমনি সাইবার ও ডিজিটাল ঝুঁকিও বেড়েছে। এসব ঝুঁকি মোকাবিলা করে কীভাবে আত্মবিশ্বাসী ও তথ্যভিত্তিক বিনিয়োগ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার জন্য শুধু ভালো নিয়ন্ত্রণ বা কাঠামোগত সংস্কারই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সচেতন, দায়িত্বশীল ও স্থিতিস্থাপক বিনিয়োগকারী। তিনি গুজব, ভুল তথ্য এবং ডিজিটাল জালিয়াতির বিষয়ে সবাইকে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে বাজারে বিনিয়োগ করার তাগিদ দেন। বিশেষ করে তরুণ ও নতুন বিনিয়োগকারীদের মাঝে আর্থিক শিক্ষা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিশেষে, একটি স্বচ্ছ, গতিশীল এবং বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গঠনে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনসহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করা হয়।


   আরও সংবাদ