ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ মাঘ ১৪৩৩, ২৪ রবিউল সানি ১৪৪৮

৮০ শতাংশ যাত্রী হাতছাড়া! চলতি বছরেই এয়ারবাস চায় বাংলাদেশ



৮০ শতাংশ যাত্রী হাতছাড়া! চলতি বছরেই এয়ারবাস চায় বাংলাদেশ

দেশের আন্তর্জাতিক রুটের ৮০ শতাংশ যাত্রায় অন্য এয়ারলাইনসের ওপর নির্ভরতা কমাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বহর আধুনিকায়নের অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের অন্তত একটি নতুন উড়োজাহাজ সরবরাহের জন্য জোরালো তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি স্পষ্ট করে বলেছেন, ফ্লিটে নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়াবে।

বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশের মাত্র ২০ শতাংশ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যাতায়াত করেন, আর বাকি প্রায় ৮০ শতাংশ যাত্রীই বিদেশি বা অন্য এয়ারলাইনস ব্যবহার করে দেশত্যাগ করছেন। এই করুণ চিত্র বদলাতে বিমানের বহর দ্রুত সম্প্রসারণের কোনো বিকল্প নেই। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কার্গো নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া এবং দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের এমআরও (রক্ষণাবেক্ষণ ও ওভারহল) সুবিধা গড়ে তুলতে বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জুর্গেন ওয়েস্টারমায়ারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ