ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ মাঘ ১৪৩৩, ২৪ রবিউল সানি ১৪৪৮

দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী



দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ক্যানসার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে খুব শীঘ্রই দেশে ১৭টি সর্বাধুনিক রেডিওথেরাপি মেশিন এবং পর্যায়ক্রমে রোবটিক সার্জারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন সংযোজিত হতে যাওয়া ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ৬টি ঢাকায় এবং বাকি ১১টি ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। এর ফলে ক্যানসার রোগীরা নিজ নিজ এলাকার কাছাকাছি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন এবং রাজধানীতে রোগীদের অতিরিক্ত চাপ অনেকাংশেই কমে আসবে। ক্যানসার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো রোবটিক সার্জারির সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চাহিদার বিপরীতে ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে প্রথম ৫টি চলতি বছরের মধ্যেই আনার পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পরিবার পরিকল্পনা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এবং জনসচেতনতা বাড়াতে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন পরিচালিত হবে। এ সময় মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

এছাড়া বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আন্তর্জাতিক প্রটোকল কঠোরভাবে অনুসরণ করে রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরনে পরিবর্তন এবং ডেঙ্গু-পরবর্তী কার্ডিয়াক বা হৃদ্‌রোগের জটিলতার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চিকিৎসকদের অধিকতর সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মশার প্রজনন রোধে জোরালো পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতা অব্যাহত রাখার ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ